নরসিংদীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যুবকের (৩৮) নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ এসেছে। মৃত্যুর পর নমুনা সংগ্রহের পাঁচ দিনের মাথায় তাঁর সংক্রমণের তথ্য পাওয়া গেল। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এন এম মিজানুর রহমান।

৩ জুন বুধবার সকাল নয়টার দিকে নরসিংদী জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি শহরের ভেলানগর বাসস্ট্যান্ডে পরিবহনের ব্যবসা করতেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন।

তার পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে এক সপ্তাহ ধরে তিনি জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। এ ছাড়া তাঁর উচ্চ রক্তচাপও ছিল। গত মঙ্গলবার বিকেলে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তাঁর অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকেরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তাকে আর ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরদিন সকালে তিনি মারা গেলে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে তাঁরা করোনা সংক্রমণের বিষয়ে জানতে পারেন।

এ নিয়ে নরসিংদীতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন ব্যক্তি। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ১৪ জন। তাঁদের মধ্যে চারজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। অন্যদের পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

চিকিৎসা কর্মকর্তা এ এন এম মিজানুর রহমান জানান, কোভিডে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালকে নির্দিষ্ট করার পর থেকে এ পর্যন্ত মোট ৯৪ জন এখানে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আটজনের অবস্থার অবনতি হওয়ায় রাজধানী ঢাকায় রেফার করা হয়। বর্তমানে চিকিৎসাধীন ৩৬ জন।

জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের কর্মকর্তারা জানান, গতকাল পর্যন্ত জেলার ছয় উপজেলা থেকে মোট ৪ হাজার ৭০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩৫টি। তাঁদের মধ্যে ৮০৩ জন করোনাভাইরাসের সংক্রমিত হিসেবে শনাক্ত হয়। জেলাজুড়ে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৫৫১ জন, রায়পুরায় ৬০ জন, পলাশে ৫৮ জন, শিবপুরে ৬০ জন, বেলাবতে ৫০ জন ও মনোহরদীতে ২৪ জন রয়েছেন। বর্তমানে ৩৭ জন কোভিড রোগী বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন। ৪৯৬ জন আছেন হোম আইসোলেশনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫৯ জন।