নরসিংদীতে এক দিনে সর্বোচ্চ ২৪০ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনা ডেডিকেটেড ১০০ শয্যার নরসিংদী জেলা হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন করোনায় আক্রান্ত এবং অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৬ হাজার ৩৩৫। সোমবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ৫৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে আরটি–পিসিআর ল্যাবে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৫০ জনের মধ্যে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১২১, রায়পুরায় ১৮, বেলাবতে ২৩, মনোহরদীতে ৭, শিবপুরে ৩৮ ও পলাশ উপজেলায় ৩৩ জন রয়েছেন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৬০ শতাংশ।
কোভিড ডেডিকেটেড ১০০ শয্যার নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৮ বছর বয়সী এক নারী। উভয়ের বাড়ি রায়পুরা উপজেলায়।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৭০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে নরসিংদী সদরের ৩৪, পলাশের ৬, বেলাবর ৭, রায়পুরার ৯, মনোহরদীর ৫ ও শিবপুরের ৯ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৪ হাজার ৮০২ রোগী সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছেন সদর উপজেলায়, ৩ হাজার ৭০০। এ ছাড়া শিবপুরে ৬২৭, পলাশে ১০৩৯, রায়পুরায় ৩৩৫, বেলাবতে ৩৩২ ও মনোহরদীতে ৩০২ করোনা রোগী শনাক্ত হন।
জানতে চাইলে সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, এ মুহূর্তে জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৫০৬। তাঁদের মধ্যে করোনা ডেডিকেটেড ১০০ শয্যার নরসিংদী জেলা হাসপাতালে ৭৩ জন চিকিৎসাধীন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১ হাজার ৪৩৩ জন।
সিভিল সার্জন আরও জানান, সবাইকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বিষয়ে বিশেষ নজর দিতে হবে। সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার বিষয়ে আগ্রহী হতে হবে। পরিবারের কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নমুনা দিতে হবে।