নরসিংদীতে এক দিনে সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩৯৪। আজ শুক্রবার দুপুরে সিভিল সার্জন নূরুল ইসলাম প্রথম আলোর কাছে এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে আরটি-পিসিআর ল্যাবে ৬৯১ জনের নমুনা পরীক্ষায় ২৯৩ জন ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩৩ জনের নমুনার মধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১৬০ জন, রায়পুরায় ২০ জন, বেলাবতে ৯ জন, মনোহরদীতে ১০৮ জন, শিবপুরে ৪২ জন ও পলাশ উপজেলায় ৪৮ জন রয়েছেন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৭৫ জন মারা গেছেন। তাঁদের মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ৭, বেলাবতে ৯, রায়পুরায় ৯, মনোহরদীতে ৬ ও শিবপুরের ৯ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে ৫ হাজার ৭১০ জন রোগী সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছেন সদর উপজেলায় ৪ হাজার ৫৩২ জন। এ ছাড়া শিবপুরে ৯৯৮, পলাশে ১৩২১, রায়পুরায় ৪৭১, বেলাবতে ৫৪৩ ও মনোহরদীতে ৫২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
জানতে চাইলে সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, এই মুহূর্তে জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৬৪৯। এর মধ্যে করোনা ডেডিকেটেড ৮০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৬৫ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৪৫ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২ হাজার ৫৮৪ জন।