নরসিংদীতে করোনা আক্রান্তের অর্ধেকই গত দেড় মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলাজুড়ে মোট করোনা আক্রান্তের অর্ধেকই গত দেড় মাসে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৪ হাজার ৫৫৬। অথচ ১৫ আগস্ট পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮৭-এ। অর্থাৎ দেড় মাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩১ জন, যা এ পর্যন্ত মোট শনাক্তের ৫১ দশমিক ৪৭ শতাংশ।

রোববার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম দিকে নরসিংদী ছিল হটস্পট। দেশের মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ৫-৬টা জেলার মধ্যে নরসিংদী জেলা ছিল একটি। পরে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা কমতে কমতে একটা সন্তোষজনক পরিস্থিতিতে এসে দাঁড়ায়। কিন্তু জেলায় করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে ধাপে ধাপে বাড়তে থাকে সংক্রমণ। গত দেড় মাসেই আক্রান্ত হয়েছেন মোট শনাক্তের অর্ধেকের বেশি।
গত বছরের ৭ এপ্রিল নরসিংদীর পলাশ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে গত ৪৯২ দিনে মোট ৯ হাজার ৩৪০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এই সংখ্যা ৫ হাজার ৬২। এ ছাড়া শিবপুরে ১ হাজার ৭৫, পলাশে ১ হাজার ৪৭৫, রায়পুরায় ৫২৫, বেলাবতে ৬২৩ ও মনোহরদীতে ৬৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। তবে এর মধ্যে ৬ হাজার ৯৭৬ জন রোগী সুস্থ হয়েছেন।

গত বছরের ১৮ এপ্রিল প্রথমবার করোনায় নরসিংদীতে একজনের মৃত্যু হয়। এরপর থেকে এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮২ জনের মৃত্যু হয়। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭ জন, পলাশে ৭, বেলাবতে ৯, রায়পুরায় ১০, মনোহরদীতে ৭ ও শিবপুরে ১২ জন মারা যান। তবে গত দেড় মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রতিদিন আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হিসাব দেওয়া হলেও করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের হিসাব দেওয়া হয় না। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, করোনার উপসর্গে দুই শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এই জেলায়।

জেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহের তুলনায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। মোট নমুনা সংগ্রহের প্রায় এক-তৃতীয়াংশ অর্থাৎ ১৪ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত দেড় মাসে। এই দেড় মাসে নমুনা সংগ্রহের তুলনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৩৯ শতাংশ। স্বাস্থ্য বিভাগের ভাষ্য, জেলাজুড়ে করোনার নমুনা পরীক্ষা যেমন বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ৪৬ দিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩১ জন। এর মধ্যে জুলাই মাসে মোট করোনা আক্রান্ত হন ২ হাজার ৮৩১ জন। চলতি আগস্ট মাসে (১৫ আগস্ট পর্যন্ত) আক্রান্ত হন ২ হাজার জন। এর মধ্যে ৬ আগস্ট আগের সব রেকর্ড ভেঙে এক দিনে সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ জুলাই জেলাজুড়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫০। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০ জন আর বাড়িতে আইসোলেশনে ছিলেন ১৩০ জন। অন্যদিকে ১৫ আগস্ট জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭১-এ। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জন আর বাড়িতে আইসোলেশনে ২ হাজার ২০৮ জন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনা ডেডিকেটেড ১০০ শয্যা নরসিংদী জেলা হাসপাতালে ১ হাজার ২৪১ জন করোনা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানতে চাইলে সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, জেলাজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছে গত দেড় মাসে। করোনার সংক্রমণ শুরুর দিকে পরীক্ষার জন্য জেলায় নমুনা সংগ্রহ কম করায় শনাক্তও কম হতো। তবে দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর নমুনা সংগ্রহ যত বাড়ানো হয়েছে শনাক্তের হারও তত বেড়েছে। এমনও হয়েছে, জেলায় এক দিনে সর্বোচ্চ এক হাজার জনের বেশি ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।