নরসিংদীতে করোনা রোগী ৮ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়াল। সর্বশেষ গত ছয় দিনে এক হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বছরের ৭ এপ্রিল নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এর ৪৮৩ দিনের মাথায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল। প্রথম ২ হাজার মানুষ সংক্রমিত হতে সময় লেগেছিল ১৪২ দিন। আক্রান্তের সংখ্যা ৪ হাজার পূর্ণ হতে সময় লাগে আরও ২৪৬ দিন। পরবর্তী ২ হাজার ব্যক্তি সংক্রমিত হতে লাগে ৮৫ দিন। সর্বশেষ ২ হাজার ৭ জন সংক্রমিত হতে সময় লাগল মাত্র ১০ দিন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন দিয়ে ৩৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৩৩ জন রয়েছেন। এ ছাড়া পলাশে ১৩ জন, রায়পুরায় ৮ জন, বেলাবতে ১৮ জন, মনোহরদীতে ৩ জন ও শিবপুরে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী জেলায় ৭৫ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ৭, বেলাবতে ৯, রায়পুরায় ৯, মনোহরদীতে ৬ ও শিবপুরে ৯ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী সদর উপজেলায় ৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শিবপুরে ৯৫৬, পলাশে ১ হাজার ২৭৩, রায়পুরায় ৪৫১, বেলাবতে ৫৩৪ ও মনোহরদীতে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৭১০ জন।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, মাত্র পাঁচ দিনের মাথায় নরসিংদীতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার থেকে আট হাজার ছাড়িয়েছে। এই মুহূর্তে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৬৭ জন। তাঁদের মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৪৪ জন। নিজ বাড়িতে আছেন ২ হাজার ১৯৭ জন।