নরসিংদীতে করোনা রোগীদের চিকিৎসায় ১০০ অক্সিজেন সিলিন্ডার উপহার
কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে আরও ১০০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে রায়পুরা উপজেলার বজলুর রহমান অ্যান্ড শাহানারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এসব সিলিন্ডার উপহার হিসেবে হাসপাতালে দেওয়া হয়। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করেন ফাউন্ডেশনটির পরিচালক ফেরদৌস কামাল। এ সময় সঙ্গে ছিলেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম ও হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, জেলা প্রশাসনের আরডিসি শ্যামল চন্দ্র বসাক প্রমুখ।
ফাউন্ডেশনটির পরিচালক ফেরদৌস কাদের বলেন, এ কে এম বজলুর রহমান বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করতেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অবদান রেখেছিলেন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর তাঁকে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়েছে। তিনি ও তাঁর স্ত্রীর নামে ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে। দেশের এই দুর্যোগে ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য এসব অক্সিজেন সিলিন্ডার উপহার দিতে পেরে তাঁরা আনন্দিত। এই সেবা করার সুযোগ দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করেন বজলুর রহমান অ্যান্ড শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে হাসপাতালটিতে সরকারিভাবে ২০টি ও বেসরকারিভাবে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ছিল। ওই সব সিলিন্ডারের প্রতিটিতে ৬ দশমিক ৮ ঘনমিটার পরিমাণ অক্সিজেন ধরে। এবার আরও ১০০টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত হলো। উপহার পাওয়া এসব নতুন সিলিন্ডারের প্রতিটিতে ৭ দশমিক ৫০ ঘনমিটার পরিমাণ অক্সিজেন রয়েছে।
হাসপাতালটির চিকিৎসকেরা বলছেন, কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ১৫ দিন ধরে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আজ হাসপাতালটিতে ভর্তি আছেন ১০০ জন। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত ৭১ জন এবং উপসর্গ নিয়ে ২৯ জন ভর্তি রয়েছেন। হাসপাতালটিতে বেসরকারি উদ্যোগে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু আছে। এর আওতায় ৫০টি পয়েন্টের মাধ্যমে জটিল করোনা রোগীদের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে। এবার নতুন করে আরও ১০০ সিলিন্ডার যুক্ত হওয়ায় হাসপাতালটিতে অক্সিজেনের সংকট আর থাকবে না।
সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, সারা দেশের মতো নরসিংদীতেও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ফাউন্ডেশনটির উদ্যোগে ১০০ অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই স্বস্তির বিষয়। এতে বড় উপকার হলো। উপহার পাওয়া ১০০টি সিলিন্ডারের মধ্যে ৭০টি এই হাসপাতালে রেখে বাকিগুলো জেলার বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ‘আমাদের আহ্বানে বজলুর রহমান অ্যান্ড শাহানারা বেগম ফাউন্ডেশন ১০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে এগিয়ে এসেছে। এসব অক্সিজেন সিলিন্ডার জেলার করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হবে। আমরা ফাউন্ডেশনটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’