নরসিংদীতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুর উপজেলায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বান্দারদিয়া এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জালাল উদ্দিন (৪০)। তিনি কুমিল্লার গৌরিপুরের শায়েস্তানগরের মান্নান মিয়ার ছেলে। জালাল থার্ড পার্টির হয়ে নরসিংদী জোনে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহের কাজ করতেন।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শিবপুর থানাসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে আজ সকালে জালাল উদ্দিন কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন। সকাল সোয়া সাতটায় বান্দারদিয়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁর লাশ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, কোন গাড়ি তাঁকে চাপা দিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

শিবপুর থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কোনো লাশ পাওয়া যায়নি। হয়তো তাঁর স্বজনেরা লাশ নিয়ে চলে গেছেন। ঠিক কোন গাড়ি তাঁকে চাপা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।