নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক ইট-বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চৌয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ীর নাম মো. নয়ন মিয়া (৩২)। তিনি সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। চার-পাঁচ বছর ধরে এ ইউনিয়ন ও আশপাশের এলাকায় ট্রাকে করে ইট-বালু পৌঁছে দেওয়ার ব্যবসা করতেন তিনি।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, শান্ত নামের এক যুবকের নেতৃত্বে আশু, বদু, বাছেদ ও রবিউল নামের কয়েক যুবক স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত। কয়েক মাস ধরে ইট-বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা চেয়ে আসছিলেন তাঁরা। রোজা শুরু হওয়ার আগের দিন সন্ধ্যায় ইট-বালু কেনার কথা বলে তাঁরা নয়নকে ডেকে নিয়ে যান। পরে সেখানে দু-তিন ঘণ্টা আটকে রেখে ‘এলাকায় ইট-বালুর ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’ জানিয়ে ৫০ হাজার টাকা চাঁদা চান তাঁরা। ওই সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই দিন সময় নিয়ে ছাড়া পান তিনি। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের জানান নয়ন মিয়া। এরপর কিছুদিন আর সমস্যা হয়নি।
গতকাল বুধবার সন্ধ্যায় একটি বাড়িতে ট্রাকে করে ইট-বালু পৌঁছে দেন নয়ন মিয়া। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিলের ৫০ হাজার টাকা নিয়ে নিজের দোকানে ফিরছিলেন তিনি। শান্ত চার-পাঁচজন যুবককে নিয়ে নয়নের দোকানের সামনে যান। নয়নের পথ রোধ করে সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন শান্ত। এ সময় বাধা দিতে গেলে সঙ্গে থাকা ছুরি বের করে নয়ন মিয়ার বুকে ছুরিকাঘাত করেন শান্ত। নয়ন মিয়ার ছোট ভাই হেলাল মিয়ার সামনে এ ঘটনা ঘটে।
দুই ভাইয়ের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে শান্তর সঙ্গে থাকা এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন এবং আটকে রাখেন। পরে নয়ন মিয়াকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া আটটার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং স্থানীয় লোকজনের হাতে আটক যুবককে থানায় নিয়ে যায়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসিম আল ইসলাম বলেন, বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। প্রাথমিকভাবে বলা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত নয়ন মিয়ার ছোট ভাই হেলাল মিয়া বলেন, ‘চোখের সামনে সব হয়ে গেল। শান্তকে জাপটে ধরেছিলাম। ভাইকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তাঁকে ধরতে যাই। তখন শান্ত দৌড়ে পালিয়ে যান।’
জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মাহফুজ নামের একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে নয়নের লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। লাশ দাফনের পর নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।