নরসিংদীতে ট্রাকচাপায় পথচারী নিহত
নরসিংদী সদর উপজেলায় বেপরোয়া গতির পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে পাঁচদোনা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ওই পথচারীর নাম মো. জসীম উদ্দিন (৪৫)। তিনি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আসমানদীচর এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় জসীম উদ্দিন মহাসড়কের একপাশ ধরে হাঁটছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেপরোয়া গতিতে পণ্যবাহী একটি ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি পাঁচদোনা মোড় অতিক্রম করার সময় জসীম উদ্দিন নামের ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ওই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে রাখেন।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে জসীম উদ্দিনের লাশ উদ্ধার করে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে নিহত ব্যক্তির স্বজনেরা ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় জসীম উদ্দিন নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাক ও এর চালক জামির হোসেন (৪৮) আমাদের কাছে আটক আছেন। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’