নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
নরসিংদী সদর উপজেলার হাজীপুরে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর রেলগেট–সংলগ্ন স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
আজ সকাল সাড়ে সাতটার দিকে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর রেলগেটের আনুমানিক ১০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে বাদুয়ারচর রেলগেট এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে তাঁর বাঁ পা ও ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি বলছে, উদ্ধারের পর নিহত ব্যক্তির লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই তারা এসে নিহত ব্যক্তির আঙুলের ছাপ নেবে। তারপরই নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী জানান, ‘সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে অজ্ঞাতনামা ওই ব্যক্তির। ট্রেনে কাটা পড়ার আগে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন বলে আমরা জানতে পেরেছি। বেলা দুইটা পর্যন্ত নিহতের কোনো স্বজন আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছি আমরা।’