নরসিংদীতে ঠিকাদারকে মারধরের অভিযোগে প্রকৌশলীর নামে মামলা
নরসিংদীতে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধরের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামানের নামে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. কাইয়ুম মিয়া নামের ঠিকাদার মামলাটি করেন। তিনি শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত।
গত ২৪ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শহরের বিলাসদী এলাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে মারধরের ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এলজিইডির একজন ঠিকাদার হিসেবে নিজের মালিকানাধীন মেসার্স জননী এন্টারপ্রাইজের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নকাজের ঠিকাদারি করেন মো. কাইয়ুম মিয়া। পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়ার খায়রুল হাসান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাসান এন্টারপ্রাইজের মাধ্যমেও নরসিংদীতে ঠিকাদারি কাজ পরিচালনা করেন। গত বছরের ৮ ডিসেম্বর হাসান এন্টারপ্রাইজ আড়াই শতাংশ জামানতসহ শিডিউল জমা দিয়ে টেন্ডারে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ মার্চ নির্ধারিত কাজের বিপরীতে সরকারি বিধি মোতাবেক ১০ শতাংশ হারে ৩০ লাখ ৪৯ হাজার টাকা ব্যাংক গ্যারান্টি এলজিইডি কার্যালয়ে জমা দেন।
পরে টেন্ডার শিডিউলের সঙ্গে জমা দেওয়া পে-অর্ডার একজন উচ্চমান সহকারীর কাছে ফেরত চাওয়া হলে তিনি নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান কার্যালয়ে উপস্থিত না থাকায় পরদিন যেতে বলেন। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আবার ওই কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামানের সঙ্গে দেখা করে পে-অর্ডার ফেরত চান কাইয়ুম। খন্দকার আসাদুজ্জামান পে-অর্ডার ফেরত নিতে হলে দুই লাখ চাঁদা দিতে বলেন। ওই টাকা চাঁদা না দিলে পে-অর্ডার বাজেয়াপ্ত করা হবে। কাইয়ুম টাকা দিতে অস্বীকৃতি জানালে আসাদুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাঁর কক্ষে থাকা চেয়ার তুলে নিয়ে কাইয়ুমের মাথা বরাবর ছুড়ে মারেন। মাথায় না লাগলেও ছুড়ে মারা ওই চেয়ারের আঘাত তাঁর পিঠে ও হাতে লেগে জখম হয়। পরে কাইয়ুম ওই কক্ষ থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় খন্দকার আসাদুজ্জামান পেছন থেকে তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে ফেলে দেন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উদ্ধার করেন। এ সময় মা-বাবাকে জড়িয়ে কুরুচিপূর্ণ গালিগালাজ করেন আসাদুজ্জামান।
এ বিষয়ে যোগাযোগ করলে খন্দকার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার নামে কোনো একজন ঠিকাদার মামলা করেছেন, বিষয়টি এই প্রথম আপনার কাছে শুনলাম। কোনো ঠিকাদারকে আমি মারতে পারি, এটা কি বিশ্বাসযোগ্য? মামলার কাগজপত্র হাতে পেলে এই বিষয়ে বলতে পারব।’
ঠিকাদার মো. কাইয়ুম মিয়া বলেন, ‘আমার সঙ্গে যা যা ঘটেছে তার সব প্রমাণ কার্যালয়টির সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে। খন্দকার আসাদুজ্জামান একজন সরকারি কর্মকর্তা হয়ে আমাকে যেভাবে মারধর ও গালিগালাজ করেছেন, আমি এর বিচার চাই। তাঁর কার্যালয়ে আবার যদি যাই, তবে আমার জীবন শেষ করে দেবেন বলে হুমকিও দিয়েছেন।’