নরসিংদীতে ডেকে এনে গুলি করে হত্যার অভিযোগ
নরসিংদী শহরের খালপাড় এলাকায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ব্যক্তিকে ডেকে এনে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটায় নরসিংদী সরকারি কলেজসংলগ্ন খালপাড় এলাকার একটি সুপার শপের সামনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে অভিযুক্ত হত্যাকারীকে রায়পুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৪০)। তিনি কখনো নরসিংদী বাজারে মাছের ব্যবসা করতেন, আবার কখনো সিএনজি বা ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। আমির হোসেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সংগীতা এলাকার ফাইজুদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েকে নিয়ে সংগীতা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, ১৮ আগস্ট আমির হোসেনের কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেন তারই বন্ধু মো. শাহীন ওরফে পেটকাটা শাহীন। ওই টাকা দ্রুত ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দিচ্ছিলেন না শাহীন। এ নিয়ে আমিরের সঙ্গে শাহীনের বিরোধ চলছিল। অন্যদিকে, স্থানীয় সমিতিতে আজ কিস্তির টাকা দেওয়ার দিন আমিরের। তাই টাকার প্রয়োজনে আজ ভোরে শাহীনকে ফোন দিলে তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় আমিরের। পরে শাহীন ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলে ভোর সাড়ে পাঁচটার দিকে আমিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে শহরের খালপাড় এলাকার একটি সুপার শপের সামনে তাঁকে দেখামাত্র গুলি করে পালিয়ে যান শাহীন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। গুলিটি লাগে কোমরের একটু নিচে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির ছোট বোন মোমেলা বেগম বলেন, ‘ভোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েই ভাইকে দেখি মুঠোফোন কার সঙ্গে যেন গরম হয়ে কথা বলছে। টাকা দেনা-পাওনা নিয়ে তাঁদের কথাবার্তার একফাঁকে ভাইকে তাঁর কাছে যেতে বলা হলে তিনি একটি অটোতে উঠে রওনা দেন। আমিও তাঁর সঙ্গে একই অটোতে করে কাজের উদ্দেশ্যে রওনা দিই। রেলস্টেশন এলাকায় ওভারব্রিজের সামনে অটো থেকে নেমে ভাই আমাকে চলে যেতে বলে সামনে এগিয়ে যান। এরই মধ্যে দৌড়ে এসে শাহীন আমার ভাইকে গুলি করে দেন। ভাই লুটিয়ে পড়লে আমি দৌড়ে গিয়ে তাঁকে ধরে ফেলি। কত মানুষ ঘটনাটা দেখল, কিন্তু কেউ এগিয়ে এল না। এত চিৎকার করলাম, আশপাশের মানুষকে বাপ-ভাই ডাকলাম, কেউ সাহায্যের জন্য এল না। আমার চোখের সামনেই আমার ভাইকে মেরে ফেলল।’ মোমেলা একটি রাজমিস্ত্রির দলের সঙ্গে ঢালাইয়ের কাজ করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুদীপ সাহা বলেন, ‘আমরা আমিরকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর বাঁ পায়ের ওপরের অংশে ও কোমরের নিচে একটি ক্ষতচিহ্ন আমরা পেয়েছি। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিতভাবে জানা যাবে। তবে প্রাথমিকভাবে বলা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, নিহত ও হত্যাকারী দুজনই পরস্পর পরিচিত এবং বন্ধু ছিলেন। নিজেদের পাওনা টাকার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত হত্যাকারী শাহীন ১০ দিন আগে জেল থেকে ছাড়া পাওয়ার পর এমন ঘটনা ঘটালেন। তাঁকে এরই মধ্যে রায়পুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।