নরসিংদীতে নাতি ও ছেলের পিটুনিতে আহত বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে চুল কাটা নিয়ে তর্কের জেরে ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছিলেন তাঁরই নাতি ও ছেলে। এর ১১ দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোহর আলী ভূঁইয়া (৯০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

জোহর আলী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বেতাগিয়া গ্রামের বাসিন্দা। ১৬ জানুয়ারি দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তাঁকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। তাঁর নাতি নাহিদ ভূঁইয়া (২৫) ও ছেলে জসিম উদ্দিন ভূঁইয়ার (৫০) বিরুদ্ধে এ পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা হত্যা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জোহর আলী তাঁর চুল বড় রাখতে চাইছিলেন। এ নিয়ে ১৬ জানুয়ারি দুপুরে নাহিদ ভূঁইয়ার সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে নাহিদ তাঁর বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনেন। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করেন নাহিদ। একই সময়ে জসিম উদ্দীনও পাশেই থাকা কোদালের হাতল দিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। পরবর্তীকালে তাঁকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক এক ব্যক্তিকে তাঁর ছেলে ও নাতির এভাবে পেটানো অমানবিক। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর কথা শুনেছেন।

শিবপুর থানার উপপরিদর্শক মো. মিনহাজ বলেন, এ ঘটনায় জোহর আলীর নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন তাঁর মেয়ে নূরজাহান বেগম। মামলা হওয়ার পরপরই দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাতি নাহিদ ভূঁইয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।