নরসিংদীতে পুকুরে একজনের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের বিলাসদী এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে নরসিংদী মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ৪২ বলে ধারণা করছে পুলিশ।

পুকুরটির অবস্থান নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানা দেয়াল ও রেললাইনের মধ্যবর্তী স্থানে। রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ওই পুকুরের মধ্যখানে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

স্থানীয় লোকজন জানান, সকালে স্থানীয় কয়েকজন রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় পুকুরে লাশ ভেসে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের অনেক লোকজন সেখানে জড়ো হন। এ খবর স্থানীয় লোকজন নরসিংদী মডেল থানার পুলিশকে জানান। পরে উপপরিদর্শক আবদুল আলীম ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উপপরিদর্শক আবদুল আলীম জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হয়তো অসুস্থতাজনিত বা অন্য কোনো কারণে পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাঁর পরনে ছিল জিনস প্যান্ট ও সাদা হাফ শার্ট।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম জানান, নিহত ব্যক্তির নাম–পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।