নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্য পাঁচজন। আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লোকাল বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক, এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসটির অন্য পাঁচ যাত্রী। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে মাইক্রোবাসটিকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।