নরসিংদীতে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে। আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায়
ছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সংবাদপত্রবাহী মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই মাইক্রোবাসে ছিলেন। এ ঘটনায় মাইক্রোবাসের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজন হলেন পাবনার আমিনপুর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মাইক্রোবাসচালক আবুল কালাম আজাদ (৫৩), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পশ্চিম এরহা গ্রামের আবুল হোসেন (৫০) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পুতলা গ্রামের ইউনুস মিয়া (৫৫)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রবাহী মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে, সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভোররাত চারটার দিকে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে সামনে থাকা মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত দুজন বর্তমানে নরসিংদী ও ভৈরবের দুটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মাহমুদ খান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।