নরসিংদীতে বড় দুই ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় কথা-কাটাকাটির জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. শফিকুল ইসলাম (২৬) দড়ি হাইরমারা গ্রামের মরহুম মোরশেদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে মালামাল পরিবহনের কাজ করতেন। অন্যদিকে অভিযুক্ত দুই ভাই হলেন মাসুম মিয়া ও মোতালেব মিয়া।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জমিজমা নিয়ে ওই তিন ভাইয়ের মধ্যকার সম্পর্ক খারাপ ছিল। সম্প্রতি শফিকুল স্থানীয় পল্লীবিদ্যুৎ কার্যালয়ে গিয়ে তাঁদের বাড়ির বিদ্যুতের মিটার কেটে নেওয়ার আবেদন করেন। গতকাল দুপুরে পল্লীবিদ্যুৎ কার্যালয় থেকে লোকজন এসে বাড়ির মিটার কেটে নিয়ে যান। এ সময় অবৈধভাবে ব্যবহার করা মাসুম ও মোতালেবের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেন তাঁরা। এ নিয়ে শফিকুলের প্রতি ক্ষুব্ধ ছিলেন মাসুম ও মোতালেব।

গতকাল রাতে এ নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই বাগ্‌বিতণ্ডা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজনার একপর্যায়ে মাসুম ও মোতালেব লাঠি নিয়ে শফিকুলের ওপর চড়াও হন। তাঁরা শফিকুলের সারা শরীরে উপর্যুপরি পেটান। একসময় মাটিতে লুটিয়ে পড়েন তাঁদের ছোট ভাই শফিকুল। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে ওই দুই ভাই পালিয়ে যান।

আজ সকালে এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক লোক ওই বাড়িতে জড়ো হন। পরে স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে এসে রায়পুরা থানা-পুলিশে খবর দেন। সকাল ৯টার দিকে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাইরমারা ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, বাড়ির বিদ্যুতের মিটার কেটে নিয়ে যাওয়া ও তাঁদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া নিয়ে ছোট ভাই শফিকুলের ওপর বড় দুই ভাই মাসুম ও মোতালেব ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরেই গতকাল রাতে দুই ভাই মিলে লাঠি দিয়ে পিটিয়ে শফিকুলকে হত্যা করেন। ঘটনার পর থেকেই তাঁরা পলাতক।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। নিহত ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।