নরসিংদীতে মসজিদের বারান্দায় ভোট গ্রহণ
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি মসজিদের বারান্দায় দুটি বুথ স্থাপন করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এভাবে ভোট গ্রহণ করার ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদুয়ারচর কান্দাপাড়া ফুরকানিয়া মাদ্রাসা নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্র। মাদ্রাসাটির পাশাপাশি সংলগ্ন কান্দাপাড়া ঈদগাহ জামে মসজিদের বারান্দায় দুটি বুথ স্থাপন করা হয়। আজ রোববার সকাল আটটা থেকে শুরু হয়ে এখানে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। বিকেল থেকে মসজিদের ভেতরে ভোট গ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন। মশিউর রহমান জাবেদ নামের একজন লিখেছেন, এই ঘটনায় অনেকেই ওই মসজিদে নামাজ পড়তে পারেননি। এতে পবিত্রতা নষ্ট হওয়ার ব্যাপার আছে। শিরিন সুলতানা নামের একজন লিখেন, কাজটা মোটেও ভালো হয়নি। আজরাফ টিপু নামের একজন লিখেছেন, বিকল্প ব্যবস্থা নিতে পারলে ভালো হতো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, ‘আমরা সেখানকার একটি মাদ্রাসায় ভোটকেন্দ্র করেছিলাম। তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার স্থান সংকুলান না হওয়ায় কেন্দ্রসংলগ্ন মসজিদের বারান্দায় দুটি বুথ স্থাপন করে ভোট নিয়েছেন।’
মসজিদের বারান্দায় ভোট নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইজিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বারান্দায় ভোট নিতে হয়েছে। এ ছাড়া আর কিছু করার উপায় ছিল না। এখন ভোট গণনা নিয়ে ব্যস্ত আছি, পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, ‘কোনো মসজিদ বা মন্দিরে ভোটকেন্দ্র করা যায় না। নির্বাচনী আইনে এটা নেই। বাস্তবেও এমনটি করার সুযোগ নেই। হাজীপুরের বাদুয়ারচরে কেন এমনটা ঘটল, তা বিস্তারিত জেনে জানানো হবে।’