নরসিংদীতে মাইক্রোবাসে নারী শ্রমিককে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩
নরসিংদীতে এক নারী শ্রমিককে মাইক্রোবাসের ভেতরে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ওই নারী শ্রমিক তিনজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেছেন।
ওই নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার তিন আসামিকে বুধবার দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়া (২০), নরসিংদী শহরের বাসাইল এলাকার সাইফুল ইসলাম (২৪) ও পলাশের ধনাইরচর এলাকার সোহেল মিয়া (২৪)।
মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নারী শ্রমিক (২০) নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার কুমিল্লা কলোনিতে বসবাস করেন এবং স্থানীয় একটি পাওয়ারলুম কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। মুঠোফোনে কথা বলতে বলতে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়ার সঙ্গে ওই নারী শ্রমিকের পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে মিজান তাঁকে তাঁর মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভেলানগর এলাকায় ডেকে নেন।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিজান ওই নারী শ্রমিককে অটোরিকশায় বেলতলা এলাকায় নিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে ওঠান। এ সময় মিজান ও মাইক্রোবাসে আগে থেকে থাকা তাঁর দুই সহযোগী সাইফুল ও সোহেল ওই নারী শ্রমিককে ধর্ষণ করেন। পরে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় রাতেই নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী শ্রমিক।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, ওই নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ওই তিন আসামির মধ্যে মিজান ও সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।