নরসিংদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক  সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের বেঙ্গল এলাকার কাঠবাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুজিত সূত্রধর (৫৫) হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদ্য সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি বেঙ্গল এলাকার কাঠবাজারে কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ছেলে সুজন সূত্রধর (২৭) ও ঘটনাস্থলে থাকা দ্বীন ইসলাম (৫০) নামের একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ঘটনার কিছুক্ষণ আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ খান, তাঁর ভাই মনির ও ইউপি সদস্য বদু ওই এলাকা ঘুরে যান। তাঁরা চলে যাওয়ার পর রাত ৮টার দিকে মনিরের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ওই দোকানে ঢুকে পড়েন। এ সময় দোকানে বার্নিশের কাজ করা শ্রমিকদের সরিয়ে দিয়ে সুজিত সূত্রধরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তাঁরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাধা দিতে গেলে সুজন সূত্রধর ও দ্বীন ইসলামকেও কুপিয়ে আহত করা হয়।
হামলাকারীরা চলে গেলে উপস্থিত লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুজিতকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লোপা চৌধুরী জানান, সুজিত সূত্রধরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর গলা ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিহত সুজিতের ছেলে সুজনের অভিযোগ, ‘ইউসুফ চেয়ারম্যানের নামে মামলা করার কারণে আমার বাবাকে প্রায়ই হুমকি–ধামকি দেওয়া হতো। আগেও কয়েক দফা বাবাকে হত্যার চেষ্টা করেছিলেন তাঁরা।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ইউসুফ খান, তাঁর ভাই মনির ও ইউপি সদস্য বদুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এলাকায় গিয়েও তাঁদের পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান প্রথম আলোকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির ছেলের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম জেনেছেন তাঁরা। কী কারণে এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।