নরসিংদীতে সুস্থ হয়েছেন ৮৪.৫৬ শতাংশ কোভিড রোগী

গতকাল পর্যন্ত নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১০ হাজার ২৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা শেষে ১০ হাজার ২৪৮ জনের নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে দুই হাজার একজনের করোনা পজিটিভ আসে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষার প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার একজন। এ পর্যন্ত সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোর কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৭ এপ্রিল জেলার পলাশ উপজেলায় প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হন। এরপর ১৪২ দিনের মাথায় সংক্রমিতের সংখ্যা দুই হাজার ছাড়াল। সংক্রমিতের সংখ্যা ৫০০ ছাড়াতে সময় লাগে ৫৩ দিন। পরের ৫০০ ব্যক্তি সংক্রমিত হতে সময় লাগে মাত্র ১৩ দিন। আরও ২২ দিন সময় লাগে পরবর্তী ৫০০ ব্যক্তি সংক্রমিত হতে। তবে সর্বশেষ ৫০১ জন সংক্রমিত হলেন ৫৪ দিনে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ আগস্ট ৭০ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। গতকাল বুধবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে পলাশ উপজেলার ৫ জন এবং সদর উপজেলা ও শিবপুর উপজেলার ২ জন করে রয়েছেন। এ ছাড়া ২৫ আগস্ট  আইসিডিডিআরবিতে পাঠানো ১০টি নমুনার মধ্যে শিবপুর উপজেলার একজনের করোনা পজিটিভ আসে।

গত ৭ এপ্রিল জেলার পলাশ উপজেলায় প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হন। এরপর ১৪২ দিনের মাথায় সংক্রমিতের সংখ্যা দুই হাজার ছাড়াল।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১০ হাজার ২৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা শেষে ১০ হাজার ২৪৮ জনের নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে দুই হাজার একজনের করোনা পজিটিভ আসে। জেলাজুড়ে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ১৯২ জন, শিবপুরে ২০২, পলাশে ১৯৩, রায়পুরায় ১৪৫, বেলাবতে ১৩৩ জন ও মনোহরদীতে ১৩৬ জন রয়েছেন। বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ৭ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ২৬০ জন হোম আইসোলেশনে আছেন।

জেলায় কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ জন মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলার ২৫ জন, বেলাব উপজেলা ও রায়পুরা উপজেলার ৬ জন করে, মনোহরদী উপজেলা ও পলাশ উপজেলার ২ জন করে এবং শিবপুর উপজেলার ১ জন রয়েছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ৫৫ জন।


নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম জানান, আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯২ জন। তাঁদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৩৫ জন, শিবপুর উপজেলার ১৭১ জন, পলাশ উপজেলার ১৪৭ জন, মনোহরদী উপজেলার ১০৪ জন, বেলাব উপজেলার ১০৫ জন ও রায়পুরা উপজেলার ১৩০ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ।