নরসিংদীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় ১২ বছর বয়সী এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। ওই মামলায় মো. জুনায়েদ (১৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে মামলা এবং একজনকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে।

মামলায় বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে রায়পুরায় ওই গণধর্ষণের ঘটনা ঘটে। ওই কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী।

ওই কিশোরীর বাবার ভাষ্য, কিশোরীকে এক স্বজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে মেয়েটি গণধর্ষণের শিকার হয়। বাড়িতে এসে মেয়ে সব জানায়। তখন তিনি মামলা করেন।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।