নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার সৃষ্টিগড় ও চৈতন্য বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহত দুজন হলেন শিবপুরের যোশর ইউনিয়নের চৈতন্য এলাকার সবিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে মো. ফরহাদ ভূঁইয়া (২২) ও মো. দেলোয়ার ভূঁইয়ার ছেলে মো. শাকিল ভূঁইয়া (২২)। দুর্ঘটনার সময় তাঁরা ওই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গতকাল রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে মোটরসাইকেলে ফরহাদ ও শাকিল বাড়ি ফিরছিলেন। মহাসড়কটির সৃষ্টিগড় বাসস্ট্যান্ড পার হয়ে চৈতন্য বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে কালুর বাড়িসংলগ্ন এলাকায় কোনো গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তাঁরা মহাসড়কে ছিটকে পড়েন। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হায়দার তালুকদার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে।