নরসিংদীতে সড়কে প্রাণ হারালেন মুদিদোকানি, মোটরসাইকেলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদী শহরের সাটিরপাড়ায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক মুদিদোকানি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সাটিরপাড়া কে কে ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং মোটরসাইকেলচালক ও যাত্রীকে পুলিশে সোপর্দ করেন।

নিহত ব্যক্তির নাম মো. হোসেন শাহ (৫০)। তিনি নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া এলাকার মৃত কাদের মুন্সির ছেলে। তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একটি মুদিদোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুপুর ১২টার দিকে মো. হোসেন শাহ তাঁর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী ওই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা মোটরসাইকেলের চালক ও যাত্রীকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় ব্যক্তিরা ওই দুজনকে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই দুজনকে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাঁদের পরিচয় জানায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।