নরসিংদীতে ১০০টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ১৫৩। আজ শনিবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত আরটিপিসিআর পরীক্ষায় এই ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে পলাশ উপজেলায় সর্বোচ্চ ২৯ জন আছেন। এ ছাড়া রায়পুরার আটজন ও বেলাব উপজেলার ছয়জন আছেন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৪৩। এ পর্যন্ত করোনায় জেলায় মোট ৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরের ৩৭, পলাশের ১২, বেলাব উপজেলার ৯, রায়পুরার ৭, মনোহরদীর ১১ ও শিবপুরের ৭ জন আছেন।
জেলায় এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়, ৫ হাজার ৪২০ জন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৩১ জন।
সিভিল সার্জন নূরুল ইসলাম জানান, এই মুহূর্তে জেলায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭৮০। তাঁদের মধ্যে ৫৮ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৪০ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১ হাজার ৭২২ জন।