নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ২২৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯০১। আজ বুধবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ৬৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে আরটি-পিসিআর ল্যাবে ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩৯ জনের নমুনার মধ্যে ১০৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১২১ জন রয়েছেন। এ ছাড়া পলাশে ৩২, রায়পুরায় ১৮, বেলাবতে ১৪ ও শিবপুরে ৩৯ জন শনাক্ত হয়েছেন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৭৫ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ৭, বেলাবতে ৮, রায়পুরায় ৯, মনোহরদীতে ৬ ও শিবপুরে ১০ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৯০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছেন সদর উপজেলায়, ৪ হাজার ৩৩৯ জন। এ ছাড়া শিবপুরে ৯২৫, পলাশে ১ হাজার ২৬০, রায়পুরায় ৪৪৩, বেলাবতে ৫১৬ ও মনোহরদীতে ৪১৮ জন শনাক্ত হয়েছেন। তবে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১৬ জন।

জানতে চাইলে সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, এই মুহূর্তে জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৫৩। এর মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যা নরসিংদী জেলা হাসপাতালে ৬৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৪৫ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২ হাজার ১৮৫ জন।