নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলাজুড়ে করোনায় সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫০। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ জুন করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে মোট ১১৭ জনের নমুনা সংগ্রহ করে পরদিন পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়। এসব নমুনা পরীক্ষার ফলাফলের তালিকা গতকাল বুধবার রাতে আসে। ওই তালিকায় ২৪ জনকে করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে সদর উপজেলার ৫ জন, পলাশ উপজেলার ৩ জন, শিবপুর উপজেলায় ১১ জন ও বেলাব উপজেলার ৫ জন রয়েছেন।
এ ছাড়া পলাশ ও মাধবদী থেকে ১২ ও ১৩ জুন আইইডিসিআরে পাঠানো ৫৮ জনের নমুনা পরীক্ষা করে মাধবদীর ১ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। এদিকে ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্সের আওতায় ১৬ ও ১৭ জুন আইসিডিডিআরবিতে পাঠানো ২৪টি নমুনার মধ্যে সদর উপজেলার সাতজন ও মনোহরদীর একজন করোনা পজিটিভ শনাক্ত হন। এই তিন সংখ্যা মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৩।
জেলা করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৬ হাজার ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা শেষে ৫ হাজার ২৮১ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ১ হাজার ১৫০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। জেলাজুড়ে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৭৬৯ জন, রায়পুরায় ৭৯ জন, পলাশে ১০০ জন, শিবপুরে ৯৪ জন, বেলাবতে ৬২ জন ও মনোহরদীতে ৪৬ জন রয়েছেন।
এ ছাড়া জেলায় সংক্রমিতদের মধ্যে ২১ জন ব্যক্তি এরই মধ্যে মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলার ১২ জন, বেলাব ও রায়পুরা উপজেলায় ৩ জন করে এবং পলাশ, শিবপুর ও মনোহরদী উপজেলায় ১ জন করে রয়েছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ২৯ জন।
সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম জানান, নতুন করে শনাক্ত ব্যক্তিদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করে তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া বর্তমানে ৩৩ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে এবং ৫৯৩ জন হোম আইসোলেশনে আছেন। এদিকে এখন পর্যন্ত আইসোলেশনমুক্ত বা সুস্থ হয়েছেন ৪৯৯ জন।