নরসিংদীর আরও ৩৮ জন করোনায় সংক্রমিত

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ‘পজিটিভ’ ব্যক্তির সংখ্যা দাঁড়ালে ১ হাজার ১৮৮। আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ জুন মোট ১২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরদিন ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়। এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন গত বুধবার রাতে এই কার্যালয়ে এসেছে। এতে দেখা গেছে, ১২৩ জনের মধ্যে ৩২ জন করোনাভাইরাসে সংক্রমিত। তাঁদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, মনোহরদী উপজেলার ৮ জন, শিবপুর উপজেলায় ৩ জন, রায়পুরা উপজেলার ২ জন ও বেলাব উপজেলার একজন।
এ ছাড়া একই দিন ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছিল ১১ জনের নমুনা। পরীক্ষার ফলাফলে নরসিংদী সদর উপজেলার ৩ জন করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। আর ‘ইনফ্লুয়েঞ্জা সার্ভেল্যান্স’-এর আওতায় ১৭ জুন আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছিল ১৭টি নমুনা। এর মধ্যে সদর উপজেলার ৩ জন করোনা রোগী শনাক্ত হন।
সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম বলেন, নতুন করে সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তিদের পরিবারের সদস্য ও তাঁদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।