নরসিংদীর রায়পুরার নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দিতে নির্বাচনী সহিংসতায় আরিফ মিয়া (২৪) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সহিংসতার ঘটনা ঘটে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ওই কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ গুলি ছুড়লে আরিফ নিহত হন।

এদিকে উপজেলার উত্তর বাখরনগরে ইউপিতে নির্বাচনী সহিংসতায় ফরিদ মিয়া (৩২) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাখরনগর ইউপির ৫ নং ওয়ার্ডে সদস্য পদে ভোট গণনা নিয়ে রোববার সন্ধ্যার দিকে দুই প্রার্থীর কথা কাটাকাটি ও হাতাহতির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এরপরই রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক খান জানান, ফরিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অ্যাম্বুলেন্সচালক জহির মিয়া তাকে মুঠোফোনে ফরিদের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তাঁর ডান চোখে গুলিবিদ্ধ হয়েছিল।

আরিফ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক খান। তিনি বলেন, ‘আরিফ মিয়াকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

আরিফ মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক এলাকার চান মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালক। শিবপুরের সিএনজিচালক হয়েও কী কারণে তিনি রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের ওই কেন্দ্রে অবস্থান করছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দেরকান্দি ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খোরশেদ আলম। আনারস প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করছেন মেছবাহ উদ্দিন খন্দকার মিতুল। সন্ধ্যা ৬টার দিকে চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় হঠাৎ দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় পুলিশের ওপরও পাল্টা গুলি ছোড়া হয়। এরপরই রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ আরিফ মিয়াকে উদ্ধার করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আরও ২ পুলিশ সদস্যসহ ১২ জনকে আহত অবস্থায় ওই হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যুর ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করছে পুলিশ।