নরসিংদীর ১৫ জন নিখোঁজের ঘটনায় সহযোগীসহ দালাল তারেক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সহযোগীসহ গ্রেপ্তার দালাল তারেক মোল্লা
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে স্পিডবোটডুবিতে নরসিংদীর ১৫ জন নিখোঁজের ঘটনায় এক সহযোগীসহ স্থানীয় মূল দালাল তারেক মোল্লাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তারেক মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ সোমবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বাগেরহাট জেলার নবীগঞ্জ থানার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে সহযোগী রায়হানসহ তারেক মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তারেক মোল্লা রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। রায়হানের বাড়িও রায়পুরায়। এর আগে তারেক মোল্লার আরও দুই সহযোগী মামুন মোল্লা (৩৯) ও সুবল চন্দ্র শীল (৪৫) গ্রেপ্তার হন। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মানব পাচারকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার হলেন।

আরও পড়ুন

ভুক্তভোগী পরিবারগুলো বলছে, চলতি বছরের ২৭ জানুয়ারি লিবিয়া থেকে অভিবাসনপ্রত্যাশী ৩৫ জন বাংলাদেশিকে নিয়ে একটি স্পিডবোট ইতালি যাচ্ছিল। তাঁদের একজন মাল্টা সীমানার জলরাশিতে ছিটকে পড়লে তাঁকে উদ্ধার করতে গিয়ে স্পিডবোটটি উল্টে গিয়ে এর সব যাত্রী ডুবে যান। ১১ ঘণ্টা পর কোস্টগার্ডের সদস্যরা উল্টে যাওয়া স্পিডবোটের ওপরে অবস্থান করা জীবিত সাতজনকে উদ্ধার করেন। তবে তীরে পৌঁছার আগেই ঠান্ডায় জমে তাঁদের একজনের মৃত্যু হয়। এখনো নিখোঁজ ওই ২৮ জনের মধ্যে ১৫ জনই নরসিংদীর।

ঘটনার ৩৫ দিন পর বেঁচে ফেরাদের মধ্যে ইউসুফ মৃধা ও শেখ সামিউল নামের দুজন দেশে আসেন। তাঁদের কাছেই ঘটনার বিস্তারিত জানতে পারেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। এ নিয়ে ৫ মার্চ প্রথম আলোর অনলাইনে ‘ভূমধ্যসাগরে স্পিডবোটডুবি: দেশে ফিরে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন বেঁচে যাওয়া দুজন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

পুলিশের ভাষ্য, রায়পুরার আমীরগঞ্জের হাসনাবাদের মনির চন্দ্র শীল নামের এক ব্যক্তি পাঁচ বছর ধরে লিবিয়ায় অবস্থান করে বাংলাদেশ থেকে মানব পাচার করছেন। তাঁর মাধ্যমে নরসিংদীর রায়পুরা ও আশপাশের উপজেলা থেকে স্থানীয় লোকজনকে প্রলোভিত করে মানব পাচার করেন এই তারেক মোল্লা। স্থানীয় তরুণ-যুবকদের বৈধ পথে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে মৌখিক চুক্তিতে অর্থ সংগ্রহ করতেন তিনি। তাঁর মাধ্যমেই রায়পুরার ডৌকারচর এলাকার নিখোঁজ আশিষ সূত্রধর, আলামিন ফরাজী ও নাদিম সরকার নামের তিনজন সাড়ে আট লাখ টাকা করে চুক্তি করেছিলেন। সাড়ে ৬ লাখ টাকা তার হাতে দেওয়ার পর তাঁরা যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে তাঁদের ইতালি না পাঠিয়ে এই দালাল চক্রটি লিবিয়াতে পাঠায়। সেখান থেকেই অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির পথে যাত্রা করেন অভিবাসনপ্রত্যাশীরা।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ আশীষ সূত্রধরের বাবা অনিল চন্দ্র সূত্রধরের করা মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত স্থানীয় মূল দালাল তারেক মোল্লার এক দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন। আগামীকাল তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।