নর্দমা থেকে বল কুড়াতে গিয়ে লাশ দেখল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাত একটা। চট্টগ্রাম নগরের মাদারবাড়ির একটি চা-দোকানে বসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. আশরাফ। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে সাত-আটজন সন্ত্রাসী এসে তাঁকে ‘চোর’ বলে মারতে শুরু করে। একপর্যায়ে টেনেহিঁচড়ে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারা।
শনিবার (গতকাল) সকাল দশটা। চট্টগ্রাম নগরের আমবাগান রেলওয়ে ক্যানটিনের পাশের মাঠ। ফুটবল খেলছিল শিশুরা। হঠাৎ বল মাঠের পাশের নর্দমায় পড়ে যায়। বল কুড়িয়ে আনতে গিয়ে শিশুরা দেখতে পায়, নর্দমার ভেতরে লাশ। নয় ঘণ্টা আগে মাদারবাড়ি থেকে যাঁকে ‘চোর’ বলে তুলে নিয়ে যাওয়া হয়, সেই আশরাফের লাশ এটি। মাদারবাড়ি থেকে আমবাগানের ওই মাঠের দূরত্ব প্রায় চার কিলোমিটার।
আশরাফের বন্ধু মো. সোহেল হোসেন প্রথম আলোকে বলেন, আশরাফের পরিবার আগে নগরের দক্ষিণ খুলশী এলাকায় বসবাস করত। সেখানে স্থানীয় সন্ত্রাসীদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণে তাঁর ওপর সন্ত্রাসীরা ক্ষুব্ধ ছিল। এ নিয়ে সন্ত্রাসীরা তাঁকে একবার ছুরিকাঘাত ও মারধর করেছিল। তিনি বলেন, দক্ষিণ খুলশীর ওই সন্ত্রাসীরা শুক্রবার রাতে আশরাফকে মাদারবাড়ির এসটি ট্রেডিং কার্যালয়ের সামনে থেকে চোর বলে টেনেহিঁচড়ে মারতে মারতে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো খবর পাওয়া যায়নি। দুপুরে লাশের সন্ধান পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে আশরাফের মা ও বোন লাশ শনাক্ত করেন।
মাদারবাড়ির এসটি ট্রেডিংয়ের (পরিবহনে পণ্য আনা-নেওয়ার কাজ করে) মালিক হারুনুর রশিদ বলেন, ‘আশরাফ আমার অফিসের কর্মী। কার্যালয়ের ১০০ গজ দূরে একটি দোকানে সে চা খাচ্ছিল। তিনটি মোটরসাইকেলে করে সাত-আটজন সন্ত্রাসী আশরাফকে চোর বলে মারতে থাকে। অফিসের চতুর্থ তলার জানালা থেকে আমার স্টাফ (কর্মচারী) সোহাগ সব দেখেছে। সে কয়েকজনকে চিনতে পেরেছে। আজ (গতকাল) দুপুরে আশরাফের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাই।’
এসটি ট্রেডিংয়ের কর্মচারী মোহাম্মদ সোহাগ প্রথম আলোকে বলেন, ‘আমি চতুর্থ তলার জানালা থেকে সাত-আটজনকে দেখেছি। ওদের মধ্যে পাঁচ-ছয়জনকে চিনতে পেরেছি। সন্ত্রাসীরা আশরাফ ভাইকে মারতে মারতে মোটরসাইকেলে তুলে চলে যায়।’
পুলিশ ধারণা করছে, অন্য কোথাও হত্যা করে নর্দমার ভেতর ফেলে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশরাফের লাশ তাঁর মা নাসরিন বেগম ও বোন মুন্নি আহমেদ শনাক্ত করেন।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান। তিনি বলেন, আশরাফের চোখ দুটি উপড়ানো ছিল। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। তাঁর চেহারা বিকৃত হয়ে গেছে। পুড়ে গেছে শরীরের বিভিন্ন অংশ।
নিহত আশরাফের বোন মুন্নি আহমেদ গতকাল দুপুরে বলেন, আঙুল ও পেটের কাটা দাগ দেখে লাশ শনাক্ত করেন তাঁরা। বছর তিনেক আগে দক্ষিণ খুলশীর সন্ত্রাসীরা তাঁর ভাইয়ের ওপর দুই দফা হামলা চালায়। একবার তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়, সেখানে কাটা দাগের চিহ্ন ছিল। আশরাফের বাঁ হাতের একটি আঙুলের নখ ছিল না।
মুন্নি আহমেদ বলেন, ভাইয়ের ওপর বারবার হামলার কারণে তাঁরা দক্ষিণ খুলশীর বাসা ছেড়ে দিয়ে কর্ণফুলী নদীর দক্ষিণ পারে ইছাপুর এলাকায় বাসা ভাড়া নেন। কিন্তু বাসা বদল করেও ভাইকে রক্ষা করতে পারলেন না। তিনি বলেন, ‘দক্ষিণ খুলশী ও টাইগারপাস এলাকার সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করে আগুনে পুড়িয়ে চেহারা বীভৎস করে দেয়। এর কি বিচার নেই?’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘আশরাফের লাশ বেওয়ারিশ হিসেবে উদ্ধার করি আমরা। মর্গে তাঁর মা-বোন লাশটি শনাক্ত করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’