নলছিটিতে এক তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় রুম্মন মুনশি (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমি বিক্রির কমিশন নিয়ে বিরোধের জেরে রোববার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।

রুম্মান উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার আবদুস ছত্তার মুনশির ছেলে ও দপদপিয়া সেতুর টোল প্লাজায় কাজ করতেন।

রুম্মানের চাচাতো ভাই মুন্না বিশ্বাস জানান, জমি বিক্রির কমিশন নিয়ে তাঁদের সঙ্গে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আল-আমিন, জিহাদ, আলমগীর, রানা, মনিরসহ অন্যদের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রুম্মান টোল প্লাজায় দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। এ সময় আল-আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রুম্মানের ওপর হামলা চালায়। তারা রুম্মানের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

দপদপিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বাদল মৃধা জানান, স্থানীয় লোকজন আহত রুম্মনকে উদ্ধার করে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আ. হালিম বলেন, অভিযুক্ত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।