নলছিটিতে ছাত্রলীগের কর্মী সজল হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগের কর্মী সজল হাওলাদারকে গুলি করে হত্যার ৫ বছর পর এ ঘটনা হওয়া মামলার অন্যতম আসামি আফজাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার নলছিটি উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আফজাল হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকায়। আজ বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই বরিশালের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মোল্লারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্যপদে প্রার্থী হন মিজান আকন্দ ও জহিরুল ইসলাম। ওই সালের ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ইউপি সদস্য বিজয়ী হন মিজান আকন্দ। তাঁর পক্ষে কাজ করেছিলেন পশ্চিম কামদেবপুর এলাকার রফিকুল ইসলাম ওরফে তুজাহার আলীর ছেলে সজল হাওলাদার। নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৬ সালের ৩ জুলাই মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সজলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পরাজিত প্রার্থী জহিরুল ইসলামের পক্ষে কাজ করেন গ্রেপ্তার হওয়া আফজাল হোসেন। সজলের পরিবারের সন্দেহ ছিল ইউপি চেয়ারম্যান কবির হোসেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সজল হত্যার ঘটনায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তবে তদন্তে ইউপির চেয়ারম্যান কবির হোসেনের বিষয়টি এড়িয়ে গেলে বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করেন। পরে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। ২০১৯ সালের ২৩ মার্চ সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদারের হাত-পা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।