নলছিটিতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ১১টায় নলছিটি সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, নলছিটি উপজেলার অনুরাগ মৌজার জেএল ১২১ নম্বরের অধীন ৯ নম্বর খতিয়ানের (বর্তমান খতিয়ান নম্বর ৫২০) ৩০৫ নম্বর দাগের মূল মালিক অলিউল ইসলাম চৌধুরীর কাছ থেকে তিনি ৩১ শতাংশ জমি ক্রয় করেন। তিনি ওই জমি ৩২ বছর ভোগদখল করে চাষাবাদ করেন। ২০১৪ সালে নজরুল ইসলাম ও জলিল হাওলাদার পক্ষের কাছ থেকে একই দাগের কয়েক শতাংশ জমি কেনেন কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন।
গত ২৫ ফেব্রুয়ারি আবদুল্লাহ আল মামুন মাটি কেটে ওই দাগের জমি ভরাটের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়ে বাধা দিলে কাউন্সিলর লাভলু তাঁকে অশ্লীল ভাষায় গালাগালি ও জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।
লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আরও বলেন, তাঁর জমি দখল করে নেওয়ায় কোনো উপায় না পেয়ে ২৪ মে তিনি ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ঘটনার পর ২৯ জুলাই গাছ কাটার মিথ্যা অভিযোগে তাঁর ছেলে শিমুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই কাউন্সিলর। বর্তমানে কাউন্সিলর হামলা চালাতে পারেন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের জমি দখলের অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন জানান, ‘ওই জমি নিয়ে মামলা চলছে। আমি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছি।’