নলডাঙ্গায় আ.লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষকে মারপিট ও পোস্টার ছেঁড়ার অভিযোগ
নাটোরের নলডাঙ্গা পৌর নির্বাচনের প্রচারণা শুরুর দ্বিতীয় দিনেই প্রতিপক্ষের কর্মীদের মারপিট ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। যদিও নৌকা প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন।
নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাহেব আলী জানান, তাঁর কর্মীরা শুক্রবার সকালে নলডাঙ্গা পূর্ব বাজারের স্কুল সড়কের আশপাশে নির্বাচনী পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। তাঁরা মারপিট করে পোস্টার ছিঁড়ে ফেলেন এবং পোস্টার কেড়ে নিয়ে বারনই নদে ফেলে দেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা মারপিট করে আমার পোস্টার ছিঁড়ে ফেলেন এবং পোস্টার কেড়ে নিয়ে বারনই নদে ফেলে দেন।
এদিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আব্বাছ আলী মুঠোফোনে অভিযোগ করেন, কয়েকটি স্থানে তাঁর সাঁটানো নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, প্রচারণা শুরুর দুই দিন পরই এভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ছেঁড়া ও কর্মীদের মারপিটের ঘটনা ঘটে চলায় তিনি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বলেন, তাঁর কোনো কর্মী কাউকে মারপিট করেনি বা পোস্টার ছিঁড়েনি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ করেছেন।