নলডাঙ্গায় কাউন্সিলর প্রার্থী অসুস্থ হয়ে হাসপাতালে, দুজন আত্মগোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকরাম হোসেন
সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আকরাম হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রোববার রাতে তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ওয়ার্ডের অপর দুই কাউন্সিলর প্রার্থী আত্মগোপনে আছেন।

অভিযোগ পাওয়া গেছে, প্রার্থিতা প্রত্যাহারের চাপ সইতে না পেরে আকরাম হোসেন অসুস্থ হয়ে পড়েছেন এবং অপর দুজন আত্মগোপনে চলে গেছেন। আত্মগোপনে যাওয়া দুই প্রার্থীর মধ্যে একজন হলেন জিল্লুর রহমান।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গতকাল নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ে পৌর আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা বাবলু ও সাংসদ শফিকুল ইসলামের বড় ভাই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। সেখানে শরিফুল ইসলাম নেতাদের কাছে তাঁকে ৪ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী করার অনুরোধ করেন। আকরাম হোসেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় তিনিও ওই সভায় উপস্থিত ছিলেন। এ সময় তাঁকেসহ দলীয় আরও দুই নেতাকে মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। দুপুরের খাবারের সময় কিছু না বলে তিন প্রার্থী সভাস্থল থেকে চলে আসেন। পরে নলডাঙ্গা বাজার থেকে আকরাম হোসেনকে সভাস্থলে নিয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহারপত্রে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনার পর বাড়িতে ফিরে আকরাম হোসেন অসুস্থ হয়ে পড়েন। রাতে অবস্থা আরও খারাপ হলে তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঞ্জরুল ইসলাম বলেন, আকরাম হোসেন হতাশা থেকে হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী

শরিফুল ইসলাম বলেন, ‘আমার কারণে আকরাম হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। আমি বা আমার পক্ষ থেকে কেউ তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেয়নি। অন্য কোনো কারণ থাকতে পারে। আমার সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।’

আগামী ১৬ জানুয়ারি নলডাঙ্গা পৌরসভায় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।