নলুয়ার হাওরের আরেক ফসল রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নলুয়ার হাওরের ধসে যাওয়া বেড়িবাঁধ মেরামত করেন স্থানীয়রা। আজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুরের ভূরাখালি এলাকায়
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আরেকটি ফসল রক্ষা বাঁধ ধসে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নলুয়ার হাওরের ভূরাকালি জলকপাটের পাশের বাঁধের দুই পাশে ধসের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই এলাকার লোকজন ছুটে গিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ করেন। আজ শনিবার দুপুরে দেখা গেছে, কামারকালী নদীর তীরে অবস্থিত বাঁধটির দুই পাশে মাটি ও বাঁশের বেড়া ধসে গেছে। তা মেরামতে কয়েকজন শ্রমিকের সঙ্গে কাজ করছিলেন স্থানীয় ব্যক্তিরাও।

ধসে যাওয়া বাঁধটি আজ শনিবার দুপুরে পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও পাউবোর নির্বাহী প্রকৌশলী সামসু দৌহা। তাঁরা বাঁধ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

ভূরাখালি গ্রামের বাসিন্দা মতিউর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এ জায়গায় সঠিকভাবে বাঁধ নির্মাণ না হওয়ায় বাঁধের দুই পাশের মাটি সরে গেছে।

হাওরবেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সঙ্গে আশপাশের কয়েক গ্রামের কৃষক স্বেচ্ছাশ্রমে কাজ করে ধসে যাওয়া বাঁধটি রক্ষা করেন। এ ছাড়া এক সপ্তাহ ধরে স্থানীয় ব্যক্তিরা নলুয়ার হাওরের কয়েকটি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় কাজ করেছেন।

হাওর বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান বলেন, গত এক সপ্তাহে ১০টি ফসল রক্ষা বাঁধ ধসের ঘটনা ঘটেছে। কৃষকেরা স্বেচ্ছাশ্রমে কাজ করে বাঁধগুলো রক্ষা করছেন। শুরুতে দায়সারা কাজ করায় হুমকির মুখে পড়েছে ফসল।

তবে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আহমেদ আলী বলেন, ১৫ লাখ টাকার প্রকল্পে এখন পর্যন্ত বিল পেয়েছেন ৭ লাখ। ধার আর অতিরিক্ত অর্থ খরচ করে বাঁধে সঠিকভাবে কাজ করা হয়েছে। বাঁধটি টেকসই করতে বস্তা, বাঁশ লাগিয়ে কাজ চালানো হচ্ছে।