এই দুঃসময়ে এক চিলতে আলো হয়ে ফুটেছে শত শত পদ্মফুল

বৈশ্বিক মহামারি হয়ে উঠেছে করোনাভাইরাস। চারিদিকে শুধুই দুঃসংবাদ। চরম এই নষ্ট সময়ে এক চিলতে সুসংবাদ হতে পারে এটি। ফরিদপুরের সেই এঁদো পুুকুরে এক চিলতে আলো হয়ে ফুটেছে পদ্মফুল। পুকুর ভর্তি পদ্মফুল দেখতে কেউ কেউ সেখানে ছুটে যাচ্ছেন। ঘরবন্দি থাকার এই সময়ে পুকুরপাড়ে সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়ে থাকছেন। চোখের সামনে শত শত পদ্মফুল দেখে ভারাক্রান্ত মনটাকে হালকা করে ঘরে ফিরছেন।
'পদ্মদিঘী', 'পদ্মবিল', 'পদ্মপুকুর' শব্দগুলো আজকাল বইয়ের অক্ষরেই সীমাবদ্ধ। বাস্তবে তেমন দেখা মেলে না। নতুন প্রজন্ম তাই পদ্মবিল বা পদ্মপুকুরের কথা শুনেই বড় হচ্ছে। বাস্তবে দেখা পাওয়ার আশা পূরণ করেছে ফরিদপুর শহরের এই পদ্মপুকুর। সেটির অবস্থান শহরের ঝিলটুলী মহল্লা এলাকায় সিভিল সার্জনের বাস ভবনের পাশে। দীর্ঘদিন সংস্কারের অভাবে কাদায় এঁদো হয়ে ওঠা ওই পুকুরে ফুটেছে শত শত পদ্মফুল।

তিন বছর আগে ফরিদপুরের তৎকালীন সিভিল সার্জন অরুণ কুমার বিশ্বাস গোপালগঞ্জ অঞ্চলের বিল থেকে পদ্মফুলের চারা এনে রোপণ করেন এ পুকুরে। সেই থেকে প্রতি বছরই ফুল ফোটার সময় পুকুরটি ফরিদপুরবাসীর কাছে একটি আকর্ষণীয় জায়গায় পরিণত হয়।
এবার এমন এক সময়ে ফুল ফুটেছে, যখন করোনার প্রদুর্ভাবের কারনে মানুষ চার দেয়ালে বন্দী। প্রতিদিন ভাইরাসে আক্রান্ত আর মৃত্যুর খবরে বিচলিত সবার মন। তবে এই পুকুরে পদ্মফুল ফুটেছে জেনে গেছেন অনেকে। ঘরে থেকে হাপিয়ে ওঠা কেউ কেউ পদ্মফুল দেখা আর একটু নির্মল বাতাস নিতে ছুটে আসছেন পুকুর পাড়ে। তবে সংখ্যাটা বেশি না হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী বলেন, মানুষের জীবন এখন এমনিতেই ইটের পাঁজরে বন্দী। দূরন্ত শৈশব এখন স্বপ্নের অতীত। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনাভাইরাস উদ্বেগ। সব মিলিয়ে ভালো নেই মানুষ। এই অবস্থায় এই পুকুরের পদ্মফুলের ভূবন ভোলানো হাসি কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দেয় মনের মলিনতা, শরীরকে করে তোলে প্রফুল্ল।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, পুকুরটি সংস্কার করা হবে, যাতে আর বড় পরিসরে ফুটতে পারে পদ্মফুল। পাশাপাশি পুকুরের চারপাশে বেঞ্চ বানিয়ে দেওয়া হবে। সেখানে দর্শনার্ধীরা দুদণ্ড জিড়িয়ে পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।