নাইট্রাস গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নাইট্রাস অক্সাইড গ্যাসের অভাবে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড গ্যাস না পেয়ে চিকিৎসকেরা অস্ত্রোপচার না করেই রোগীকে ফিরিয়ে দিচ্ছেন। এতে করে অস্ত্রোপচারের জন্য অপেক্ষমাণ রোগীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। নাইট্রাস অক্সাইড গ্যাসের সরবরাহ নিয়ে স্বেচ্ছাচারিতার কারণে এমনটা হচ্ছে বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্পেকট্রা অক্সিজেন লিমিটেড কুমিল্লা মেডিকেলে অক্সিজেন ও নাইট্রাস অক্সাইড সরবরাহ করে আসছিল। এরপর লিন্ডে বাংলাদেশ এই হাসপাতালে তরল অক্সিজেন দেওয়া শুরু করে। তিন মাস ধরে স্পেকট্রা নিয়মিতভাবে নাইট্রাস অক্সাইড গ্যাস সরবরাহ করছে না। এতে করে হাসপাতালে প্রায়ই অস্ত্রোপচার বন্ধ থাকছে। অনেক সময় নাইট্রাস অক্সাইড ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে। কুমিল্লার কোনো বেসরকারি হাসপাতালে নাইট্রাস অক্সাইডের স্বল্পতা নেই।

জানতে চাইলে স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের কুমিল্লা ডিপোর ডিস্ট্রিবিউশন কর্মকর্তা মো. তাওহিদুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি মাসে ৩০ কেজি করে অন্তত ২৫টি নাইট্রাস অক্সাইড গ্যাসের সিলিন্ডার লাগে। জুন মাসে ১৬টি সিলিন্ডার সরবরাহ করেছি আমরা। জুলাই মাসে দুটি এবং আগস্ট মাসে ছয়টি দিয়েছি। করোনাকালে বিদেশ থেকে কাঁচামাল আনতে না পারায় সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে সংকট থাকবে না।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক আরিফ মোর্শেদ খান বলেন, নাইট্রাস অক্সাইড গ্যাস নিয়ে মাসের পর মাস যে ঘটনা ঘটে যাচ্ছে, তা নিয়ে সবাই নির্বিকার। মাঝেমধ্যে কিছু গ্যাস সরবরাহ করা হয়। এর দু-এক দিন পর সেটি নাই হয়ে যায়। যাঁরা জরুরি রোগীকে অস্ত্রোপচার না করিয়ে বা অপেক্ষায় রাখেন, তাঁদের জন্য চিকিৎসকদের বদনাম হচ্ছে। গত ২৩ ও ২৫ আগস্ট নাইট্রাস অক্সাইড গ্যাসের কারণে অস্ত্রোপচার করা যায়নি। এটা রোগীদের সঙ্গে একধরনের অন্যায়। এভাবে একটা সরকারি হাসপাতাল চলতে পারে না। গরিব মানুষকে সেবা দিতে না পারলে বদনাম হয় চিকিৎসকদের।

অস্ত্রোপচার বন্ধের বিষয়টি নাকচ করে হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিন বলেন, দু-এক দিনের মধ্যে নাইট্রাস অক্সাইডের স্বল্পতা থাকবে না। ওই গ্যাস ছাড়াও অস্ত্রোপচার করা যায়। অস্ত্রোপচার তো বিভিন্ন ধরনের হয়, সেটি তো বন্ধ নাই। গ্যাসসংকটের বিষয়টি তিনি স্বীকার করেন।