‘নাওয়া নাই, খাওয়া নাই, সারা দিন রাস্তায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া ফেরিঘাটে যানজটের কারণে নৌপথ ব্যবহারকারী যানবাহনগুলোকে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক সপ্তাহ ধরে যানজটে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। যানজটের কারণে নৌপথ ব্যবহারকারী যানবাহনগুলোকে ফেরির জন্য দীর্ঘ সময় খোলা আকাশের নিচে মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম রুট হলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ।

ঘাট–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঘাটের পন্টুন থেকে সংযোগ সড়ক খাড়া হয়ে গেছে। এর ফলে নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী গাড়ি ফেরিতে উঠতে যেমন বেগ পোহাতে হয়, তেমনি ফেরি থেকে আনলোড করা গাড়ি সংযোগ সড়কে উঠতে সময় লাগছে। এ কারণে ফেরিতে গাড়ি লোড-আনলোডে আগের থেকে প্রায় দ্বিগুণ সময় লাগছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি ছাড়িয়ে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক শ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। এসব যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলক কম। দীর্ঘ সময় সারিবদ্ধ হয়ে আটকে থাকা এসব যানবাহনের চালক, সহকারীসহ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মহাসড়কে আটকে থাকা ট্রাকচালক সঞ্জয় বিশ্বাস বলেন, ‘সকাল থেকে অহনও কিছু খাই নাই। হেলপার গাড়ি চালাতে পারে না। একটু একটু করে গাড়ি টানতে হয় বিধায় সারাক্ষণ গাড়িতেই বসে আছি। কখন ঘাট পার হমু জানি না।’

দুই দিনের ছুটি পেয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকে শুক্রবার রাজধানী ছাড়েন। পাটুরিয়া ঘাট থেকে আসা অধিকাংশ ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীদের ভিড় দেখা যায়। একইভাবে ঢাকামুখী অনেকে নদী পাড়ি দিতে সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ভিড় করেন। ফেরিঘাটের পাশাপাশি লঞ্চঘাটেও ভিড় দেখা যায়।

ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার পেছনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মহাসড়কে গাড়ি রেখে পাশে গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন পণ্যবাহী গাড়ির চালক খোকন মিয়া। সাতক্ষীরা থেকে ভুসিবোঝাই গাড়ি নিয়ে গাজীপুরের মাওনা যাচ্ছেন তিনি। আক্ষেপের সুরে খোকন মিয়া বলেন, ‘ড্রাইভারদের কোনো জীবন আছে নাকি? নাওয়া নাই, খাওয়া নাই, গোসল নাই। সারা দিন রাস্তায় পড়ে থাকতে হয়, তারপর আবার ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এ ভোগান্তির শেষ কোথায়?’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, নদীতে পানি কমে গিয়ে পন্টুন নিচু হয়ে গেছে। এ কারণে প্রতিটি ফেরি লোড-আনলোডে দ্বিগুণ সময় লাগছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া থেকে প্রায় ৪ হাজার যানবাহন পাটুরিয়া ঘাটে গেছে। যানজট কমাতে তাঁরা সার্বক্ষণিক কাজ করছেন।