বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রা বলেছেন, ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেপাল থেকে ভারত হয়ে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সঙ্গে ব্যাবসা-বাণিজ্যের দারুণ সম্ভাবনা আছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রপ্তানি সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি নাকুগাঁও স্থলবন্দরের জিরো পয়েন্ট (শূন্যরেখা) পরির্দশন করেন।
বনশিধর মিশ্রা বলেন, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভুটানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে। তবে নেপালের সঙ্গে কেন নয়? নেপালের সঙ্গে বাংলাদেশের ব্যবসার যোগাযোগের জন্য নাকুগাঁও স্থলবন্দর হতে পারে ভালো একটি মাধ্যম। তিনি আরও বলেন, ‘করোনা মহামারির পর বাংলাদেশের সঙ্গে আরও বেশ কিছু চুক্তি সম্পাদন করতে পারব বলে বলে আমি বিশ্বাস করি। এখানকার যোগাযোগব্যবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে গেলাম। পরবর্তী সময়ে আমরা চুক্তি করার লক্ষ্যে কাজ করব।’
মতবিনিময় সভায় স্থলবন্দরের ব্যবসায়ীদের উদ্দেশে নেপালের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুর মতো। জাতিগতভাবে প্রায়ই একই। দুই দেশের মানুষের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন, নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষ, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।