না.গঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে দুই পোশাক শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, বালুবাহী একটি ট্রাক ব্রাহ্মন্দী থেকে আড়াইহাজার যাচ্ছিল। এ সময় আড়াইহাজার থেকে শ্রমিকবাহী একটি লেগুনা ভাই ভাই স্পিনিং মিলে আসছিল। বিনাইরচর এলাকায় ট্রাকটি ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
নিহত দুজন হলেন উপজেলার শ্রীনিবাসদী গ্রামের হাজেরা বেগম (৩০) এবং খাসেরকান্দি গ্রামের নাসিমা আক্তার (২০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শ্রমিকেরা ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়ার মালিকানাধীন ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক। আড়াইহাজার থেকে তাঁরা কারখানায় যাচ্ছিলেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত সাতজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।