নাগর নদে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেউরঝারী সীমান্ত এলাকার নাগর নদে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর চড়ইগাতি গ্রামের প্রয়াত আবদুল হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকার ৩৮০ নম্বর মেইন পিলারের ৮ আর বরাবর আজ সকালে স্থানীয় চার থেকে পাঁচজন জেলে নাগর নদে মাছ ধরতে যান। দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা ভারতের ৫০ গজ ভেতরে চলে যান। তখন ভারতের ১৭১ বিএসএফের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। শরিফুল ইসলামের বুকে গুলি লাগে। সেখানেই তিনি মারা যান। পরে শরিফুলের সঙ্গীরা তাঁকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। খবর পেয়ে বিজিবির বেউরঝাড়ি ক্যাম্পের সদস্যরা ও বালিয়াডাঙ্গী থানা-পুলিশ সেখানে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম বলেন, ‘ওই ঘটনার পর পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে যোগাযোগ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।
বেলা সাড়ে তিনটার দিকে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, শরিফুলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।