বরিশালের সুজন নেতার সাক্ষাৎকার
নাগরিকদের সম্পৃক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়
বরিশাল নগর সিটি করপোরেশনে উন্নীত হওয়ার প্রায় ২০ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনের উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) আইন, ২০২২-এর খসড়া তৈরি হয়েছে। গত ২৫ জানুয়ারি এ-সংক্রান্ত বৈঠক শেষে খসড়াটি জনসাধারণের মতামতের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে বিশিষ্টজনেরা বলছেন, এই আইনে নগর উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকাণ্ড, পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ত করা হয়নি; সরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। সুফলভোগীদের সম্পৃক্ত করতে না পারলে টেকসই ও পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয় বলে তাঁরা মনে করেন। এসব নিয়ে প্রথম আলো কথা বলেছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক মো. রফিকুল আলমের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: সিটি করপোরেশন হওয়ার ২০ বছর পর আলাদা নগর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে, এটা কীভাবে দেখছেন?
রফিকুল আলম: এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ। আমরা এটাকে স্বাগত জানাই এবং এই কর্তৃপক্ষ গঠনের জন্য আমরা দীর্ঘদিন দাবিও করে আসছিলাম। একটি পরিকল্পিত নগর উন্নয়নের জন্য একটি স্বাধীন প্রতিষ্ঠান থাকা বাঞ্ছনীয়। এটা আগেই হওয়া উচিত ছিল।
প্রশ্ন :
প্রথম আলো: খসড়া এই আইন নিয়ে আপনাদের আপত্তি আছে। কেন?
রফিকুল আলম: বউক গঠনের খসড়া আইনে ৬৬টি ধারা সংযুক্ত রয়েছে। এর অনেকগুলো উপধারাও আছে। একটি নগরের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে এখন পরিবেশ, প্রতিবেশ, পানি ব্যবস্থাপনাসহ প্রাকৃতিক বিষয়গুলো যুক্ত করা না গেলে সেই উন্নয়ন নগরবাসীর জন্য অপ–উন্নয়নে পর্যবসিত হবে। প্রস্তাবিত খসড়াটি পড়ে যা দেখলাম; তাতে যোগাযোগ, পানি, পরিবেশসহ বাদ পড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া অংশীজনের মতামতের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নের কোনো সুযোগ রাখা হয়নি। এটা থাকা উচিত।
প্রশ্ন :
প্রথম আলো: এখন কী করণীয় বলে মনে করেন?
রফিকুল আলম: এই কর্তৃপক্ষ গঠনের ক্ষেত্রে কাউন্সিলর, পানি, পরিবেশ বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি থাকা আবশ্যক। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও নগর উন্নয়ন অধিদপ্তর, নাগরিক সমাজের সমন্বয় করে কমিটি করা গেলে এর সুফল মিলবে। তবে সবার আগে নগর উন্নয়নে তৈরি করা মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন করতে হবে। কারণ, অপরিকল্পিত উন্নয়নে এমনিতেই নগরের পরিবেশ, শৃঙ্খলা অনেকটা বিঘ্নিত এখন।
প্রশ্ন :
প্রথম আলো: পরিকল্পিত উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন কোন বিষয়ে?
রফিকুল আলম: নগরের খাল, জলাশয়গুলো ভরাট হয়ে গেছে ইতিমধ্যে। দেদার বৃক্ষ নিধন করে সেখানে সুউচ্চ ভবন গড়ে উঠছে। ভবন করার ক্ষেত্রে আশপাশে কেউ জমি ছাড়ছে না। ফলে ধীরে ধীরে নগর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এখন নগরের মধ্যে প্রবাহিত ২৪টি খাল এবং অন্য জলাধারগুলো উদ্ধার ও সংরক্ষণ এবং বহুতল ভবন করার আগে পর্যাপ্ত জায়গা ছাড়া নিশ্চিত করতে হবে। রাস্তাগুলো প্রশস্ত করতে হবে, যাতে ফায়ার সার্ভিস–অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে।
প্রশ্ন :
প্রথম আলো: এখন কি এই শহরকে পরিকল্পিত, সুন্দর শহর হিসেবে গড়ে তোলার সুযোগ আছে?
রফিকুল আলম: অবশ্যই আছে। হয়তো সেটা অচিরেই থাকবে না। অনেক বছর আগে নগর উন্নয়ন অধিদপ্তর নগরের পরিকল্পিত উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান, নকশা তৈরি করেছে; কিন্তু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো সে অনুযায়ী কাজ বাস্তবায়ন করছে না। আমি মনে করি, এখনো পরিকল্পিত সুন্দর নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রয়োজন পরিকল্পনামাফিক এগোনো ও সদিচ্ছা। মূল শহরের, বিশেষ করে বাণিজ্যিক এলাকার রাস্তাগুলো প্রশস্ত করার এখন আর সুযোগ নেই। এ ক্ষেত্রে ভবিষ্যতে নগরকে যানজটমুক্ত করতে সিটি সার্কুলার রোড করা যেতে পারে। একই সঙ্গে খালগুলো খনন করে হাঁটার পথ ও পাড়ে গাছ লাগানো গেলে নগরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা পাওয়ার পাশাপাশি এসব খাল যাতায়াতের জন্য ব্যবহার করা সম্ভব। বরিশালকে পরিবেশসমৃদ্ধ, বসবাস উপযোগী নগর করার সুযোগ এখনো হাতছাড়া হয়নি।