নাগরিকবান্ধব করতে এক নির্বাচন অফিস ঘিরে নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনের বাগান।
ছবি: প্রথম আলো

কার্যালয়ের সামনে টাইলস লাগানো নিচু দেয়াল ঘেরা বাগান। সেখানে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। সামনের দিকে চারটি গাছ লাগানো হয়েছে বাংলা বর্ণমালা হিসাব করে। প্রথমে জেসমিন, এরপর নিম, অড়বরই ও মৌচান্দা। এই গাছের নামগুলোর অদ্যক্ষর নিলে হয় জে নি অ মৌ। অদ্যক্ষরগুলোর এই ক্রম তুলে ধরেছে আরেকটি নাম। সেটি হচ্ছে জেলা নির্বাচন অফিস, মৌলভীবাজার।

এটি জেলা নির্বাচন অফিসকে আকর্ষণীয়, নাগরিকবান্ধব ও পরিবেশবান্ধব করতে নানা রকম উদ্যোগের একটি। শুধু গাছই নয়, সেবাগ্রহীতাদের এই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মানা, শৃঙ্খলা বজায় রাখা, দালালদের দৌরাত্ম্য কমিয়ে নির্বিঘ্নে সেবা দিতে মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয়কে ঘিরে নেওয়া হয়েছে এ রকম নানা উদ্যোগ।

মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয় পড়েছে সদর উপজেলা পরিষদ এলাকায়। উপজেলা পরিষদে ঢোকার মুখেই কার্যালয় ভবনের অবস্থান। কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতর ঢুকলেই একটা ঝকঝকে পরিবেশ চোখে পড়ে।

মৌলভীবাজার জেলার একটি অন্যতম ফসল হচ্ছে চা। জেলার এই পরিচিতি তুলে ধরতে ভবন লাগোয়া একচিলতে ফাঁকা স্থানে চা-গাছের কিছু চারা লাগানো হয়েছে। ভবনের প্রবেশপথের একপাশে স্থাপন করা হয়েছে ‘ফার্স্ট এইড বক্স’। কোনো নাগরিক সেবা নিতে এসে অসুস্থ বোধ করলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এটি। দেয়ালের এক স্থানে ঝোলানো অনেকগুলো পরিচয়পত্র। প্রথমে জাতীয় পরিচয়পত্র বলেই মনে হতে পারে। তবে এগুলো হচ্ছে শৃঙ্খলা কর্নারে ক্রমিক নম্বরের টোকেন। সুশৃঙ্খলভাবে কাজের জন্য এই টোকেন তৈরি করা হয়েছে। যারা সেবা নিতে আসছেন, তাঁদের গলায় ক্রম অনুযায়ী এই কার্ড ঝুলিয়ে দেওয়া হয়। যাতে কে আগে, কে পিছে এ নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি হতে না পারে।

এই করোনাকালেও কার্যালয় খোলা সময়ে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি, পরিচয়পত্রে নানা রকম ত্রুটি সংশোধনীসহ বিভিন্ন কাজে লোকজন এসে ভিড় করেন। এই সময়টাতে স্বাস্থ্যবিধি রক্ষা করা একটা কঠিন কাজ। এ ক্ষেত্রেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেবা নিতে আসা নাগরিকের তাপমাপত্রা মেপে প্রবেশ করতে হয়। প্রয়োজনে সরবরাহ করে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। মাস্ক ছাড়া সেবা দেওয়া হচ্ছে না। হাত ধোয়ার স্থায়ী বেসিন নির্মাণ করা হয়েছে। সাবান রাখা আছে। যাতে হাত ধুতে কারও কোনো সমস্যা না হয়। হাত মুছতে আছে গামছার ব্যবস্থা। নিয়মিত জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়েছে।

করোনাকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেবাগ্রহীতাদের ছাতা নিয়ে লাইনে দাঁড়াতে হয়। সম্প্রতি মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে।
ছবি: প্রথম আলো

দেয়ালে ঝোলানো অনেকগুলো ছাতা। তাৎক্ষণিকভাবে এই ছাতা-রহস্য হয়তো অনেকের পক্ষেই বোঝা কিছুটা কঠিন। এই ছাতা মূলত লাইনে দাঁড়ানো অবস্থায় নাগরিকদের ব্যবহারের জন্য। এই ছাতা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে, ছাতার কারণে লাইনে দাঁড়ানো একজন থেকে অন্যজনের স্বাভাবিক একটা দূরত্ব তৈরি করা। এই ছাতার মাধ্যমে নাগরিকদের সামাজিক বা শারীরিক দূরত্ব রক্ষা করা হচ্ছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, কার্যালয়ে আসা নাগরিকেরা যাতে সহজে সেবা পেতে পারেন, সে জন্য ভবনের প্রবেশমুখেই ‘ফ্রন্ট ডেস্ক তথ্যকেন্দ্র’ রাখা আছে। এখানে চেয়ার-টেবিল নিয়ে একজন কর্মী দায়িত্বে আছেন। তিনি সাধারণ মানুষের কার কী প্রয়োজন, তা জেনে পরামর্শ দিচ্ছেন। দেয়ালে টাঙানো আছে অফিস প্রধানের মোবাইল ফোন নম্বর। দেওয়া আছে অভিযোগ করার নোটিশপত্র। আছে বারান্দায় একটি বড় বোর্ডে অফিসে কর্মরত সব কর্মচারীর নাম, পদবি, ছবি ও দায়িত্বের পরিচিতি। যাতে সাধারণ মানুষ সহজেই অফিসের কর্মচারীকে চিনতে পারেন এবং তাঁদের কার কী দায়িত্ব, তা জানতে পারেন। গ্রামের সাধারণ মানুষের হয়রানি ও দালালের খপ্পর থেকে রেহাই পেতে এই ব্যবস্থা।

প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীর সুনির্দিষ্ট অবস্থান কক্ষ ও সুনির্দিষ্ট সেবা চিহ্নিত করতে নেমপ্লেট স্থাপন করা হয়েছে। যাতে সেবাগ্রহীতা সহজেই তাঁর কাঙ্ক্ষিত কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে দেখা করতে পারেন। আছে সবার জন্য উন্মুক্ত ওয়াই-ফাই জোন। নির্বাচনের দিনে নির্বাচন কমিশনে দ্রুত ফল প্রেরণ করতে স্থাপন করা হয়েছে অস্থায়ী ডাকঘর। নিরাপত্তা নিশ্চিত করতে সংরক্ষণ করা হচ্ছে ‘মুভমেন্ট রেজিস্টার’।

শৃঙ্খলা বাজায় রাখতে সাজিয়ে রাখা হয়েছে নম্বরযুক্ত টোকেন। সম্প্রতি মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয়ে।
ছবি: প্রথম আলো

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি এই জেলায় যোগদানের পর থেকেই জনবান্ধব অফিস প্রতিষ্ঠা করতে ছোট ছোট নতুন প্রকল্প হাতে নিয়েছি। গত দেড় বছরে গতানুগতিক কাজের বাইরে এসব উদ্যোগ বাস্তবায়ন করছি। আমি মনে করি, সুন্দর কর্মপরিবেশে কাজের উৎসাহ ও আগ্রহ অনেক বেড়ে যায়। এই লক্ষ্যে একটা নান্দনিক ও কর্মমুখর অফিস বানানোর চেষ্টা করেছি।’

মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, অফিসের সব স্টাফ এখন মন থেকে অনুধাবন করছেন সাধারণ মানুষের সেবা করাই তাঁদের একমাত্র দায়িত্ব। শুধু এ কারণেই সরকার তাঁদের বেতন প্রদান করছে। সাধারণ মানুষকে সেবা দিতে কোনো ধরনের দুর্নীতি বা ভোগান্তির শিকার না করা পবিত্র দায়িত্ব। যথাযথ উদ্যোগ নিলে ও সৎ উদ্দেশ্য থাকলে সরকারি সেবা কার্যক্রম অবশ্যই সহজতর ও জনবান্ধব হবে। তিনি সেই চেষ্টাই করছেন।