নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভায়রা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা পরস্পরের ভায়রা। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বালিকা বিদ্যালয়সংলগ্ন মিনা বাজার-রায়গঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই হাসপাতালে নেওয়ার পথে একজন এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন নাগেশ্বরী পৌরসভার ফকিরটারী এলাকার আজিজুল ইসলামের ছেলে নয়ন মিয়া (৩০) এবং একই উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের সৈফুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২৯)।

সড়কে মোড় নিতে গিয়ে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সুপারিগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, নয়ন মিয়া ও হামিদুল ইসলাম সন্ধ্যায় নাগেশ্বরীর মিনাবাজার এলাকায় শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেয়ে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নয়ন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথে রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের পাশে মোড় নিতে গিয়ে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সুপারিগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নয়ন মারা যান। হামিদুলকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। নিহতদের স্বজন আবেদ আলী এবং নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।