নাচোল উপজেলা চেয়ারম্যান কাদেরকে বহিষ্কারের দাবি
নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে পৌনে এক ঘণ্টাব্যাপী নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন হয়।
নাচোল পৌর ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, নাচোল সরকারি কলেজ ছাত্রলীগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখা, মাদক নির্মূল শক্তি ও তরুণ সংঘ নামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একরামুল হক।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি রঞ্জনা বর্মণ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, আরিফ হোসেন, অহেদুজ্জামান, মানবাধিকার কমিশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, তরুণ সংঘের সভাপতি মো. সাধন মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, ‘আবদুল কাদেরের নারী কেলেঙ্কারি দলকে চরম লজ্জায় ফেলেছে। দলকে পিছিয়ে দিয়েছে। আমরা মানুষের প্রশ্নের জবাব দিতে পারি না। আসন্ন ইউপি নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে। তদন্ত কমিটি গঠন করে কাদেরের নারীর সম্ভ্রমহানির ঘটনা উদ্ঘাটন করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় জেলা প্রশাসকের কাছে। জেলা ও কেন্দ্রীয় নেতার কাছে দাবি জানানো হয় কাদেরকে দল থেকে বহিষ্কারের।’
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিকেলে কাদেরের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল হয়। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।
এ ব্যাপারে কথা বলতে আবদুল কাদেরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।