নাচোলে আগুনে পুড়ে মরল খামারের ২৭টি গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে একটি খামারের ২৭টি গরু। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এই ঘটনা ঘটে।

ওই খামারের মালিক মো. সলেমান বলেন, মশার উপদ্রব থেকে গরুকে বাঁচাতে খামারে প্রতিদিনই ধূপসহ শুকনা কাঠের টুকরা ও খড়কুটা দিয়ে ধোঁয়া দেওয়া হয়। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খামারে আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। এ ঘটনায় তাঁর ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাচোল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, অগ্নিকাণ্ডে ২৭টি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি বড় ষাঁড়, ২২টি শাহিওয়াল বকনা গরু ও ২টি বাছুর আছে।