নাচোলে আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ।

নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদেরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে একটি পক্ষ। ওই পক্ষ আজ সোমবার সকালে মানববন্ধন করে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়। কাদেরের সমর্থকেরা এই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

মানববন্ধন করে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল রশিদ খানের নেতৃত্বাধীন পক্ষ। আবদুল রশিদ খান বলেন, আবদুল কাদেরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও নানা দুর্নীতির অভিযোগ আছে। তাঁকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি ডাকা হয়েছিল। তবে উপজেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করায় তা স্থগিত করা হয়েছে। তবে তাঁরা ইউএনওকে স্মারকলিপি দেবেন। তিনি দাবি করেন, আবদুল কাদেরের কুকর্মের জন্যই সম্প্রতি অনুষ্ঠিত নাচোল উপজেলার ইউপি নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। দলের কোনো চেয়ারম্যান প্রার্থীই নির্বাচিত হননি।

সম্প্রতি আবদুল কাদেরের সঙ্গে এক নারীর একটি ভিডিও ভাইরাল হয়। এর পর থেকে তাঁকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে সোচ্চার হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ। তাঁকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি চিঠি দিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল ওদুদ।

এ ব্যাপারে আবদুল কাদের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে নেওয়া কর্মসূচি বন্ধ হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।’