নাচোলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ চলাকালে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর এলাকায় একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ চলাকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো কসবা ইউনিয়নের কালইর গ্রামের মোহাম্মদ মাসুদের ছেলে সজিব (১০) ও একই গ্রামের মোহাম্মদ মিঠুর মেয়ে লামিয়া (৮)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎ লাইন নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সহকারী প্রকৌশলী আকতার হোসেন প্রথম আলোকে বলেন, বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ৪০০ কেভি নতুন সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে। লাইন নির্মাণের জন্য এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে তার টানা হচ্ছিল। এক পোল থেকে অন্য পোলের মাঝের যে দূরত্ব, তার কোনো একটা দিকে ওই দুই শিশু তারের ওপরে বসেছিল। এদিকে দুই দিকের টাওয়ারে যখন ক্রেন দিয়ে তার টানা শুরু হয়, তখন শিশু দুটি তারের সঙ্গে উপরে উঠে মাটিতে পড়ে গিয়ে মারা যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, দুই শিশুর মধ্যে সজিব ঘটনাস্থলে ও লামিয়া নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। দুই শিশু তার নিয়ে খেলা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।